শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৮ হাজারের বেশি মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 02 জুলাই 2021, 12:01 দুপুর • 806 বার পঠিত
বিশ্বে  গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৮ হাজারের বেশি মৃত্যু

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৮ হাজার ৪০ জন মারা গেছেন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় সাড়ে চারশ। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩৯ লাখ ৭০ হাজার ৬৩১ জনে পৌঁছেছে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৩ হাজার ৩৩১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৩৪ হাজার বেড়েছে। এ হিসাবে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৩৩ লাখ ৮৯ হাজার ৯৮৪ জনে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ৭৯৩ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ২০ হাজার ৬৪৫ জন মারা গেছেন। 

আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৯৪৩ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ১৪০ জন। 

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার ভারতের অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৯৬ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৪ লাখ ৫৩ হাজার ৯৩৭ এবং ৩ লাখ ২৭১ জন মারা গেছেন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১১ হাজার ১১১ জন, রাশিয়ায় এক লাখ ৩৫ হাজার ৮৮৬ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৮ হাজার ১৬২ জন ও ইতালিতে এক লাখ ২৭ হাজার ৫৮৭ জন মারা গেছেন।

অন্যদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) করোনায় আক্রান্ত হয়ে ১৪৩ জনের মৃত্যু হয়েছে। যা একদিনের মৃত্যুর সংখ্যায় সর্বোচ্চ। এ সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩০১ জন। এতে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪৬ জনে। আর মোট শনাক্ত সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।