শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৫৩ লাখ ১৭ হাজার ছাড়িয়েছে

অনলাইন নিউজ পোর্টাল • 12 ডিসেম্বর 2021, 10:08 দুপুর • 309 বার পঠিত
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৫৩ লাখ ১৭ হাজার ছাড়িয়েছে

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৫ হাজার ৪১৯ জন মারা গেছেন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ২ হাজারের বেশি। এতে বিশ্বে মৃতের সংখ্যা ৫৩ লাখ ১৭ হাজার ৬১৬ জনে পৌঁছেছে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৯ হাজার ৩৮৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১ লাখ ৫ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২৬ কোটি ৯৯ লাখ ৮২ হাজার ৬২২ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে রোববার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে। 

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৪১৪ জন এবং মারা গেছেন ৪৪৬ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৫ কোটি ৭ লাখ ৬২ হাজার ৬৭১ জন আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ১৭ হাজার ৭৮৯ জন মারা গেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করে।