বিশ্বে করোনায় আজ হাজারের নিচে মৃত্যু, শনাক্ত সাড়ে ৪ লাখ
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৮২৬ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা সাড়ে পাঁচ শতাধিক কমেছে। এতে বিশ্বে মৃতের সংখ্যা ৬৩ লাখ ৫০ হাজার ২৩৯ জনে পৌঁছেছে।
আবার ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪২ হাজার ৩৮৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে আড়াই লাখের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৫৪ কোটি ৮৬ লাখ ৩৯ হাজার ৯৭১ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে রোববার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে জার্মানিতে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৩৩৬ জন এবং মারা গেছেন ৮৪ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এ দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৭৭ লাখ ৭১ হাজার ১১১ জন আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪০ হাজার ৭৩৪ জন মারা গেছেন।