বিশ্বে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু উল্লেখযোগ্য হারে কমেছে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। এ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৫৫৫ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে দেড়শ। এতে বিশ্বে মৃতের সংখ্যা ৬৩ লাখ ৪০ হাজার ৬৬৮ জনে পৌঁছেছে।
এদিকে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৬ হাজার ৯৬৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ১ লাখের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৫৪ কোটি ৪২ লাখ ৫০ হাজার ৩৭০ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সোমবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়াল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে তাইওয়ানে। এ সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৬৩৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩২ লাখ ৯৫ হাজার ৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৫ হাজার ২২১ জনের।