বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় বেড়েছে মৃত্যু-শনাক্ত
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৬৯১ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা দুই শতাধিক বেড়েছে। এতে বিশ্বে মৃতের সংখ্যা ৬৩ লাখ ২১ হাজার ২৫০ জনে পৌঁছেছে।
তবে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১১ হাজার ৬৭৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ১৫ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৫৩ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ১৪১ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে মঙ্গলবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে উত্তর কোরিয়ায়। এ সময়ের দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৬৮০ জন। সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ৪১ লাখ ৩৭ হাজার ১৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭১ জন মারা গেছেন।