বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪ হাজার মৃত্যু
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩ হাজার ৯০৬ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় চারশ। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬০ লাখ ৬৬ হাজার ৮৯৯ জনে পৌঁছেছে।
এদিকে ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৪৩ হাজার ১৪৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ২ লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৪৫ কোটি ৯৫ লাখ ১৮ হাজার ৮৬১ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে মঙ্গলবার সকালে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯ হাজার ৭৬৯ জন এবং মারা গেছেন ২০০ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ৬৮ লাখ ৬৬ হাজার ২২২ জন আক্রান্ত হয়েছেন এবং ১০ হাজার ৫৯৫ জন মারা গেছেন।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। এ সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩৩ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৫৫ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ২৪১ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৬১ হাজার ৩৪৪ জনের।