বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ১১১৪২ মৃত্যু, শনাক্ত ২০ লাখের বেশি
সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১১ হাজার ১৪২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৮৯৬ জন।
মহামারি শুরুর পর থেকে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৫৮ লাখ ৮১ হাজার ১২৮ জনের। আর শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৪২ কোটি এক লাখ ৬৫ হাজার ৬২৮ জনে।
আজ শুক্রবার সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেটকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৭ হাজার ৬১৩ জন এবং মারা গেছেন ২৪৪ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। এ সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৩ জন এবং মারা গেছেন ২ হাজার ১১৭ জন।