বিশ্বে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৮২ জনের মৃত্যু
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৮২ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় আটশ। এতে বিশ্বে মৃতের সংখ্যা ৬২ লাখ ৩৯ হাজার ৪ জনে পৌঁছেছে।
তবে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬৫ হাজার ২৮৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১ লাখ ৩২ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৫০ কোটি ৮৪ লাখ ২৪ হাজার ৯৩৬ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে শনিবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে জার্মানিতে। এ সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৩৩১ জন এবং মারা গেছেন ১৮৭ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এ দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৪০ লাখ ১৯ হাজার ৭৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৪ হাজার ৪৭১ জন মারা গেছেন।