বিশ্ব গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক মৃত্যু কমেছে,সংক্রমণ সাড়ে ২৩ লাখ
বিশ্বে দৈনিক করোনায় মৃত্যুর সংখ্যা কমেছে। আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীও। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৫ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ২৩ লাখ ৫৩ হাজারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। মৃত্যুর তালিকায় এরপরই রয়েছে পোল্যান্ড, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স ও ব্রাজিল। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩২ কোটি ৬৫ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৫ লাখ ৫৩ হাজার।
মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৬০৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় দুই হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৫ লাখ ৫৩ হাজার ২৬৩ জনে।