শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বিপর্যয়ের মুখে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারি

অনলাইন নিউজ পোর্টাল • 21 নভেম্বর 2021, 07:07 বিকাল • 323 বার পঠিত
বিপর্যয়ের মুখে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারি

কানাডার পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের ফলে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিপর্যয়ের মুখে ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। মাত্র দুই দিনেই এক মাসের সমপরিমাণ বৃষ্টিপাত দেখেছে প্রদেশটি। বৃষ্টিতে রাস্তাঘাট ও রেললাইন তলিয়ে গেছে। ভ্যাঙ্কুভারের মতো গুরুত্বপূর্ণ বন্দর ও নিচু এলাকা কানাডার অন্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ব্রিটিশ কলাম্বিয়ায় চলমান বিপর্যয়ের মধ্যে আবার নতুন আশঙ্কার কথা জানিয়েছে কানাডার আবহাওয়াসংক্রান্ত সরকারি ওয়েবসাইট ‘ওয়েদার কানাডা’। প্রদেশটির উত্তরাঞ্চলে স্থানীয় সময় আজ রোববার আবারও ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে বলে এক পূর্বাভাসে জানানো হয়েছে।

ব্রিটিশ কলাম্বিয়ায় সড়ক ও রেলপথে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কায় গত শুক্রবার প্রদেশটির বাসিন্দাদের জন্য পেট্রল ব্যবহারের পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ভ্রমণের ওপর কড়াকড়িও আরোপ করা হয়েছে।

ব্রিটিশ কলাম্বিয়ার জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী মাইক ফার্নওয়ার্থ জানান, মহাসড়কগুলো পুনর্গঠনের কাজ চলছে। এ কারণে জরুরি যানবাহন ছাড়া অন্য যান চলাচল সীমিত রাখা হয়েছে। জ্বালানিসংকটের আশঙ্কায় স্থানীয় লোকজনকে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত প্রতিটি ভ্রমণ বাবদ গাড়িতে ৩০ লিটারের বেশি জ্বালানি মজুত না করার অনুরোধ জানানো হয়েছে।

১৪ নভেম্বর থেকে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে রয়েছে ব্রিটিশ কলাম্বিয়ার বাসিন্দারা। ভ্যাঙ্কুভার বন্দরের সঙ্গে যুক্ত দুটি রেললাইন বন্ধ রয়েছে। দুর্যোগের মুখে বন্ধ করতে হয়েছে জ্বালানি সরবরাহকারী একটি পাইপলাইনও। এতে প্রদেশটিতে জ্বালানি তেল ও পণ্য পরিবহন বাধার মুখে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে আরও কয়েক দিন লেগে যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।