শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

বিমানকে দুই ভাগ করার যৌক্তিকতা দেখেন না চেয়ারম্যান

মোহাম্মদ খাইরুল আমিন • 06 ফেব্রুয়ারি 2025, 07:37 বিকাল • 327 বার পঠিত
বিমানকে দুই ভাগ করার যৌক্তিকতা দেখেন না চেয়ারম্যান

বাংলাদেশ বিমানকে দুই ভাগ করার সুপারিশের যৌক্তিকতা দেখছেন না প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী। বৃহস্পতিবার কুর্মিটোলায় বিমানের হ্যাঙ্গার কমপ্লেক্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিমানে কোনো অসুবিধা নেই। টিকেট এখন অনলাইনে পাওয়া যায়।"
 
সম্প্রতি অর্থনৈতিক কৌশল পুনঃনির্ধারণে সরকারের টাস্কফোর্স কমিটি বিমানকে দুই ভাগ করার সুপারিশ করেছিল, যার একটি অংশ বিদেশি কোম্পানির মাধ্যমে পরিচালনার কথা বলা হয়। তবে মুয়ীদ চৌধুরী মনে করেন, বিমান নিজস্ব ব্যবস্থাপনায় কার্যক্রম সফলভাবে পরিচালনা করছে এবং সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিমান সম্প্রতি নিজস্ব ব্যবস্থাপনায় প্রথমবারের মতো সি-চেক সম্পন্ন করেছে, যা উল্লেখযোগ্য অগ্রগতি। তিনি বলেন, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের বিষয়ে বিদেশি এয়ারলাইন্সগুলোর কোনো অভিযোগ নেই এবং কর্মীদের নজরদারির জন্য বডি ক্যামেরা চালু করা হয়েছে।

বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা নিয়ে নিয়ে যে প্রশ্ন আছে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে চেয়ারম্যান বলেন, “বিমান প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই বিমান এই কাজ করে যাচ্ছে। বাইরের থেকে কেউ আসে যদি, সে কি আমেরিকা থেকে লোক নিয়ে আসবে? আমাদের লোক দিয়েই করাবে। তো আমরা আমাদের লোক দিয়ে করাতে পারব না?"

এছাড়া, বিমান ভবিষ্যতে বিদেশি এয়ারলাইন্সের সি-চেক সেবা দেওয়ার সক্ষমতা অর্জন করছে এবং গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার দক্ষতা বাড়ানোর জন্য কর্মী নিয়োগসহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।