বিমানে ফিরতি টিকেট রি-ইস্যু করার জন্য বাড়তি ফি লাগবে না
ঢাকা-দুবাই ও ঢাকা-আবুধাবি রুটে যেসব যাত্রী আগে ফিরতি টিকিট করেছিলেন, কিন্তু করোনাভাইরাসের কারণে যেতে পারেননি, তাদের টিকিট আগে দেয়া হবে। এই ফিরতি টিকেট রি-ইস্যু করার জন্য কোনো যাত্রীকে অতিরিক্ত কোনো টাকা দিতে হবে না। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিরতি টিকেট রি-ইস্যু করা সম্পন্ন হওয়ার পরই কেবল নতুন করে টিকিট বিক্রি শুরু করা হবে। এছাড়াও আবুধাবি রুটের সেপ্টেম্বর-২০২০ মাসের সিডিউল আবুধাবি কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন হওয়া মাত্রই সেপ্টেম্বর মাসের টিকেট বিক্রি করা শুরু হবে।
আরো বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে প্রতি সপ্তাহে ঢাকা-আবুধাবি-ঢাকা রুটে ৬টি, ঢাকা-দুবাই-ঢাকা রুটে ৭টি, ঢাকা-লন্ডন- ঢাকা রুটে ১টি, ঢাকা- কুয়ালালামপুর-ঢাকা রুটে ২টি, ঢাকা- গুয়াংজু-ঢাকা রুটে ২টি ও ঢাকা-হংকং-ঢাকা রুটে ২টি ফ্লাইট পরিচালনা করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ এর কারণে পরিবর্তিত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিমানের ফ্লাইট পরিচালনা করার বাধ্যবাধকতা রয়েছে। দুবাই ও আবুধাবিগামী কোনো ফ্লাইটে ২৪০ জনের বেশি যাত্রী পরিবহন না করার ব্যাপারে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে।