শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বিমানবন্দরের লকার থেকে ৫৫ কেজি সোনা চুরি, তদন্ত চলছে

মোহাম্মদ খাইরুল আমিন • 04 সেপ্টেম্বর 2023, 08:04 রাত • 241 বার পঠিত
বিমানবন্দরের লকার থেকে ৫৫ কেজি সোনা চুরি, তদন্ত চলছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঢাকা কাস্টম হাউসের নিজস্ব গুদামের ভেতরে কোনো সিসি ক্যামেরা ছিল না বলে জানিয়েছে পুলিশ। এই গুদামের লকার ভেঙে ৫৫ কেজি সোনা চুরির ঘটনা ঘটেছে। গুদামে নিয়োজিত ৪ সিপাহীকে হেফাজতে
নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বিমানবন্দর থানা পুলিশ। 

তিনটি সংস্থার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কিন্তু জানা গেছে, ঢাকা কাস্টম হাউসের গুদামের লকার সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে ছিল। তাই চোর শনাক্ত করা বেশ কঠিন কাজ হয়ে পড়েছে। 

পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে গুদামের নিরাপত্তায় দায়িত্বরত রেজাউল করিম, মোহাম্মদ মোজাম্মেল হক, আফজাল হোসেন ও নিয়ামত হাওলাদার নামের ৪ সিপাহীকে। কিন্তু জানা গেছে জিজ্ঞাসাবাদে তেমন সন্তুষ্ট হওয়ার মতো তথ্য পায়নি পুলিশ। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোর্শেদ আলম জানান, ''আমরা সোনা রাখার গুদাম ঘর পরিদর্শন করেছি। এমন গুরুত্বপূর্ণ একটি জায়গা সিসিটিভির আওতায় ছিল না, বিষয়টি অবাক করার মতো। তাই
কে বা কারা সোনা সরিয়েছে, তা স্পষ্ট করা যাচ্ছে না। গুদামঘর সিসি ক্যামেরার আওতায় থাকলে বের করা সহজ হতো।''

তার কাছ থেকে জানা যায়, গুদামের লকার থেকে গায়েব হওয়া সোনা ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে বিভিন্ন সময় উদ্ধার করা হয়েছিল। তিনি জানান, নিয়ম মেনে এই সোনা বাংলাদেশ ব্যাংকের ভল্টে যাওয়ার কথা ছিল। কিন্তু তা না হয়ে সোনা গুদামের লকারে থেকে যাওয়া প্রশ্ন তৈরি করেছে। 

প্রসঙ্গত, শনিবার দিবাগত রাত সোয়া ১২টা থেকে পরদিন সকাল সাড়ে ৮টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঢাকা কাস্টম হাউসের নিজস্ব গুদামের লকার ভেঙে ৫৫ কেজি ৫১ গ্রাম সোনা চুরির ঘটনা ঘটেছে। ঢাকা কাস্টমস হাউস জানিয়েছে, চুরি যাওয়া সোনার মূল্য আনুমানিক ৪৫ কোটি টাকা। 

এ নিয়ে মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ব্যক্তিদের। তদন্ত চলছে এই তোলপাড় করা চুরির ঘটনার।