বিমানবন্দরে বিক্ষোভ করেছ আবুধাবি ফেরত যাত্রীরা
আবুধাবি থেকে ফেরত পাঠানো ৬৮ জন প্রবাসী সকালে দেশে পৌঁছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। সোমবার সকাল সাড়ে ১১টার বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরে তারা ইমিগ্রেশন পার না হয়ে বিমানবন্দরে ঢুকেই বসে পড়েন নিজেদের মতো। আবারও তাদের আরব আমিরাত ফিরিয়ে নিতে সরকার ও বিমান কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
জানা গেছে, বিমানের ফ্লাইটে শনিবার আবুধাবি যাওয়া ২২০ জনের মধ্যে ৮১ জনকে সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে দেয়নি দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তাদেরকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তত্ত্ববধানে রাখা হয়। দুইদিন সেখানে হোটেলে থাকা খাওয়ার ব্যবস্থা করে বিমান। এরপর আজ সকালে তাদের ফিরিয়ে আনা হয়।
আবুধাবির ইমিগ্রেশন জানিয়েছে, প্রত্যেকের কাগজপত্রে ত্রুটি আছে। সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য আগে যে অনুমোদন নিতে হতো সম্প্রতি তা বাতিল করা হয়েছে। দেশে ফিরে তারা আবার আবুধাবিতে তাদের পাঠাতে বিক্ষোভ করছেন বিমানবন্দর টার্মিনালের ভেতরে।