শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বিমান জানাল, পুরস্কার দেওয়ার খবর ভুয়া

মোহাম্মদ খাইরুল আমিন • 22 জুলাই 2022, 03:53 দুপুর • 1,024 বার পঠিত
বিমান জানাল, পুরস্কার দেওয়ার খবর ভুয়া

বিমান বাংলাদেশের নামে পুরস্কার বিতরণের খবর ভুয়া। সংস্থাটি জানাচ্ছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫০ বছর পূর্তি উপলক্ষে পুরস্কার দেওয়ার নামে কোনো কোনো অসাধু চক্র বিভিন্ন মাধ্যমে ভুয়া তথ্য ছড়াচ্ছে। একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পাঠিয়ে সবাইকে এ ব্যাপারে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আজ শুক্রবার গণমাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কতার কথা উল্লেখ করে। এ বিজ্ঞপ্তি পাঠান বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

বিমান বাংলাদেশ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘ইদানীং লক্ষ করা যাচ্ছে, কিছু অসাধু চক্র বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫০ বছর পূর্তি উপলক্ষে পত্রিকা, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপসহ অন্যান্য মিডিয়ায় বিমানের লোগো ব্যবহার করে পুরস্কার বিতরণের বার্তা দিচ্ছে। এ বিষয়ে বিমানের কোনো সংশ্লিষ্টতা নেই।’’

এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে বিমানের নাম ও লোগো ব্যবহার করে পুরস্কারের বার্তা ছড়ানো হচ্ছে। এতে কেউ যেন বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকে সে জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।