বিকেলে যুবককে ডাকা হলো থানায়, রাতেই মৃত্যু
জমি নিয়ে বিরোধের সূত্রে থানায় অভিযোগ। অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয় অটোচালক যুবক লিটন খাঁ-কে। কিন্তু রহস্যজনকভাবে থানার শৌচাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। অবশেষে তাকে বাঁচানো যায়নি। এদিকে পুলিশের দাবি, লিটন শৌচাগারে (বাথরুম) গিয়ে বিষপান করে আত্মহত্যা করেছেন।
গত রোববার পটুয়াখালীর দশমিনা থানায় এ ঘটনাটি ঘটেছে। মৃত লিটন খাঁ (৩৫) দশমিনা থানার বাঁশবাড়িয়া গ্রামে। তিন সন্তানের জনক লিটন পেশায় অটোরিকশা চালক। তিনি ঢাকায় অটোরিকশা চালান।
স্থানীয় সূত্র জানায়, স্থানীয় মাদরাসা কর্তৃপক্ষ থানায় যুবক লিটনের নামে অভিযোগ দায়ের করে। সেই বিষয়ে জিজ্ঞাসাবদের জন্য লিটনকে থানায় ডাকা হয়। এক পর্যায়ে যুবক টয়লেটে গিয়ে চিৎকার করে অচেতন হয়ে যান।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে পুলিশি পাহারায় লিটনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১ টায় তিনি মারা যান।
লিটনের স্ত্রী মাজেদা বেগম জানান, বাড়ির পাশেই থাকা আক্রাম খান সিনিয়র দাখিল মাদরাসার কর্তৃপক্ষ জমি নিয়ে লিটনের সঙ্গে বিরোধে জড়ায়। গত শনিবার রাতে মাদরাসা সংলগ্ন ওই জমির একটি পুকুরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করলে পুকুরটির মাছ মরে ভেসে ওঠে।
পুকুরে বিষ দেয়ার ঘটনায় মাদরাসা সুপার মাওলানা সিহাব উদ্দিন লিটনকে সন্দেহ করেন। তবে ওই সময় লিটন ঢাকায় ছিলেন বলে স্ত্রী মাজেদা দাবি করেন।