শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বিগত সরকার আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে: প্রধান উপদেষ্টা

মোহাম্মদ খাইরুল আমিন • 12 ফেব্রুয়ারি 2025, 03:44 দুপুর • 278 বার পঠিত
বিগত সরকার আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে: প্রধান উপদেষ্টা

আজ বুধবার গোপন বন্দিশালা পরিদর্শন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মন্তব্য করেন যে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দেশে ‘আইয়ামে জাহেলিয়া’ বা অন্ধকার যুগ প্রতিষ্ঠা করেছিল। তিনি এসব বন্দিশালাকে মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘনের উদাহরণ হিসেবে তুলে ধরেন।

গোপন বন্দিশালাগুলো ‘আয়নাঘর’ নামে পরিচিত এবং সেগুলো আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় অবস্থিত বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বন্দিশালা পরিদর্শনকালে অধ্যাপক ইউনূস বলেন, ‘‘যতটাই শুনি মনে হয়, অবিশ্বাস্য, এটা কি আমাদেরই জগৎ, আমাদের সমাজ? যাঁরা নিগৃহীত হয়েছেন, তাঁরাও আমাদের সমাজেই আছেন। তাঁদের মুখ থেকে শুনলাম। কী হয়েছে, কোনো ব্যাখ্যা নেই। একজন বলছিলেন, খুপরির মধ্যে রাখা হয়েছে। এর থেকে তো মুরগির খাঁচাও বড় হয়। বছরের পর বছর এভাবে রাখা হয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘এই রকম টর্চার সেল (নির্যাতনকেন্দ্র) সারা দেশে আছে। ধারণা ছিল, এখানে কয়েকটা আছে। এখন শুনছি বিভিন্ন ভার্সনে (সংস্করণে) দেশজুড়ে আছে। সংখ্যাও নিরূপণ করা যায়নি।’’

অধ্যাপক ইউনূস অপরাধীদের বিচার ও প্রমাণ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, যদি সমাজকে এই পরিস্থিতি থেকে বের করা না যায়, তবে সমাজ টিকবে না। তিনি নতুন বাংলাদেশ ও মানবিক পরিবেশ গঠনের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দেন।

গুমের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রসঙ্গে তিনি বলেন, প্রথমত ন্যায়বিচার নিশ্চিত করাই অগ্রাধিকার। সরকার ইতিমধ্যে বিভিন্ন কমিশন গঠন করেছে, যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া