বিএসএমএমইউয়ে প্রথমবারের মত বুক না কেটে অ্যাওরটিক ভালভ প্রতিস্থাপন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বুক না কেটে ও অজ্ঞান না করে প্রথমবারের মতো অ্যাওরটিক ভালভ সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে।
আজ অ্যাওরটিক ভালভ প্রতিস্থাপনকারী চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান বিষয়টি নিশ্চিত করছেন।
অ্যাওরটিক ভালভ প্রতিস্থাপন সম্পর্কে তিনি বলেন,অপারেশন মানেই ছুরি-কাঁচি ব্যবহার। ছুরি কাঁচি ছাড়া বা বুক না কেটে ৮০ বছরের এক বৃদ্ধের হার্টের অ্যাওরটিক ভালভে সফলভাবে ভালভ প্রতিস্থাপন করে রোগীর জীবন বাঁচাতে সক্ষম হয়েছি। আমাদের দেশে অনেকের এ চিকিৎসা নেওয়ার সক্ষমতা নেই। যারা ধনীলোক, তাদের অনেকেই দেশের বাইরে গিয়ে এ চিকিৎসা নিয়ে আসেন।
তিনি বলেন, বিশ্বের অন্যতম আধুনিক এই চিকিৎসা পদ্ধতি দেশের প্রতিষ্ঠা করতে চাই। দেশের অসচ্ছল মানুষেরা যেন এ সেবা নিতে পারেন সে ব্যবস্থা সরকার করে দিলে আমরা এ চিকিৎসা সেবাকে অনেক দূর নিয়ে যেতে পারব। জটিল এ পদ্ধতিতে ভালভ প্রতিস্থাপনে সফলতা,এর সমস্যা ও সম্ভাবনা এবং পাশাপাশি ব্যয়বহুল এ চিকিৎসা সাধারণ জনগণের জন্য সহজলভ্য করতে তিনি নতুনদের জন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।
প্রথমবারের মতো অ্যাওরটিক ভালভ সফলভাবে প্রতিস্থাপন করায় উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামানের নেতৃত্বে একদল চিকিৎসক ৮০ বছরের এক বৃদ্ধের বুক না কেটে, অজ্ঞান না করে সফলভাবে অ্যাওরটিক ভালভ প্রতিস্থাপন সম্পন্ন করেন। তিনি বর্তমানে করোনারী ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন। ইন্টারভেনশনাল কার্ডিওলজির ধারাবাহিক সফলতা এই চিকিৎসা নতুন এক মাইলফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।