বিএসএমএমইউতে উদ্বোধন হলো পোস্ট কোভিড ফলোআপ ক্লিনিক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চালু হয়েছে পোস্ট কোভিড ফলোআপ ক্লিনিক। করোনা আক্রান্ত রোগীরা হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর প্রয়োজনীয় সেবা দিতে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ূয়া এ ক্লিনিক উদ্বোধন করেন।
এ সময় উপাচার্য বলেন, কভিড-১৯ মানব দেহের বিভিন্ন অঙ্গকে আক্রমণ করে এবং দীর্ঘস্থয়ী ক্ষতি করতে পারে। এ কারণে মাঝারি ও তীব্র কভিড-১৯ আক্রান্ত রোগীদের দীর্ঘমেয়াদি ফলোআপের প্রয়োজন। যুক্তরাজ্য, চীন, ইতালিসহ বিভিন্ন দেশে এরইমধ্যে পোস্ট কভিড-১৯ ফলোআপ সেবা চালু হয়েছে।
তিনি বলেন, ফলোআপের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গের দীর্ঘমেয়াদি লক্ষণ ও প্রতিক্রিয়াগুলো চিহ্নিত করতে পারলে বিপুল সংখ্যক রোগীকে রোগের স্থায়ীত্ব ও মৃত্যুর হাত থেকে রক্ষা করা সম্ভব। এক্ষেত্রে কভিড-১৯ আক্রান্ত রোগীদের প্রায় ৫ বছর ফলোআপ করার প্রয়োজন হবে।