বিএসএফের গুলিতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে আল-আমিন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের এবং বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, নিহতের স্বজনদের মাধ্যমে এ তথ্য পেয়েছেন।
নিহত আল-আমিন উপজেলার পুটিয়া গ্রামের নোয়াবাড়ীর সুলতান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় পুটিয়া সীমান্তের ওপারে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফ রাবার বুলেট ছোড়ে। এতে আল-আমিন গুরুতর আহত হন। পরে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতের ত্রিপুরার একটি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।
পরে বিজিবির মাধ্যমে বিএসএফ নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
এ বিষয়ে বিজিবির দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।