শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

বিএনপি ও গণসংহতি যুগপৎ আন্দোলনে একমত: ফখরুল

মোহাম্মদ খাইরুল আমিন • 31 মে 2022, 06:17 বিকাল • 361 বার পঠিত
বিএনপি ও গণসংহতি যুগপৎ আন্দোলনে একমত: ফখরুল

গণসংহতি আন্দোলন ও বিএনপি যুগপৎ আন্দোলনের ব্যাপারে একমত হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানিয়েছেন। তিনি বলেন, আলোচনার মাধ্যমে অনেকগুলো বিষয়ে ঐকমত্যে পৌঁছানো গেছে। 

জোনায়েদ সাকির নেতৃত্বের গণসংহতি আন্দোলনের নেতাদের সঙ্গে আজ মঙ্গলবার রাজধানীর হাতিরপুলে সংলাপে বসেছিলেন মির্জা ফখরুলরা। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, জহির উদ্দিন স্বপন। 

জাতীয় ঐক্য সৃষ্টি করতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপি আনুষ্ঠানিক সংলাপ শুরু করেছে। 

সংলাপ শেষে মির্জা ফখরুল বলেন, গণসংহতি আন্দোলনের সঙ্গে তাদের আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে। তিনি আরো বলেন, এই আলোচনা অব্যাহত থাকবে। আর এই আন্দোলনের প্রক্রিয়ার মধ্যে প্রধান যে দাবি থাকবে, আমরা আশা করি- অন্যান্য দলগুলোও একমত হবে।

মির্জা ফখরুল জানান, একটা গণ-অভ্যুত্থান এবং গণ-আন্দোলনের মাধ্যমে এই ভয়াবহ সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা একমত হয়েছি।

এর আগে, নাগরিক ঐক্য ও বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে সংলাপ করেছে বিএনপি।