শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

বিএনপি নেতার কাছ থেকে চাঁদা দাবি

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 23 এপ্রিল 2025, 10:04 রাত • 398 বার পঠিত
বিএনপি নেতার কাছ থেকে চাঁদা দাবি

চট্টগ্রামের কর্ণফুলীতে এক বিএনপি নেতা ও বালুমহালের মালিকের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেনের বিরুদ্ধে। চাঁদা না দেওয়ায় তাঁর অনুসারীরা বালুমহালে হামলা চালিয়ে আটজনকে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকায় বলাকা ইন্টারন্যাশনাল বালুমহালের অফিসে। হামলায় আহত হন মালিক মোবিনুর রশীদ চৌধুরী, তাঁর ভাই আমিনুর রশীদ, ব্যবস্থাপক মো. লিটনসহ আটজন।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে বড়উঠান ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে মোবিনুরের সঙ্গে দেখা করেন কয়েকজন যুবক। তাঁরা দাবি করেন, রবিউল হোসেন তাঁদের পাঠিয়েছেন। এরপর মোবিনুরকে ফোনে রবিউলের সঙ্গে কথা বলানো হয়, যেখানে রবিউল ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং হুমকি দেন—চাঁদা না দিলে ব্যবসা চালানো যাবে না।

বুধবার সকালে ৫০-৬০ জন যুবক বালুমহালে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করেন বলে মোবিনুর অভিযোগ করেন। তিনি বলেন, "চাঁদা না দেওয়ায় আমাদের প্রতিষ্ঠানে হামলা হয়েছে।"

অভিযোগ অস্বীকার করে রবিউল হোসেন বলেন, "এসব ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ। আমি এসব বিষয়ে কিছুই জানি না।"

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, "বালু বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এর জের ধরেই হামলার ঘটনা ঘটেছে। মামলা প্রক্রিয়াধীন।"