শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

বিএনপি নেতাকে চিঠিতে হুমকি ‘বেশি উইড়েন না’, ফটকে কাফনের কাপড়-গুলি

মোহাম্মদ খাইরুল আমিন • 08 আগস্ট 2026, 02:35 দুপুর • 83 বার পঠিত
বিএনপি নেতাকে চিঠিতে হুমকি ‘বেশি উইড়েন না’, ফটকে কাফনের কাপড়-গুলি

সাভারের আশুলিয়ায় বিএনপির এক নেতার বাসার ফটকের সামনে রাখা বাজারের ব্যাগ থেকে কাফনের কাপড়, গোলাপজল, গুলি, আগরবাতি, সাবান ও হত্যার হুমকি দেওয়া চিঠি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে বিএনপি নেতা ইসমাইল হোসেন মোল্লা ঘুম থেকে উঠে তার বাড়ির ফটকের সামনে বাজারের ব্যাগটি দেখতে পান। তিনি ইয়ারপুর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি।

বিএনপি নেতার ছেলে ইলিয়াস হোসেন বলেন, “ভোর পাঁচটা ১২ মিনিটের দিকে আমাদের বাসার ফটকের সামনে ব্যাগটি রেখে যায় অজ্ঞাত ব্যক্তি। বাবা ঘুম থেকে উঠে ব্যাগটি দেখতে পেয়ে জামগড়া পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ এসে ব্যগটি উদ্ধার করে নিয়ে যায়।”

তিনি বলেন, বাজারের ব্যাগের ভিতর আরেকটি লাল ব্যাগ ছিল। তার ভিতরে কাফনের কাপড়, গোলাপজল, দুই প্যাকেট আগরবাতি, সাবান ও হত্যার হুমকি দেওয়া চিঠি একটি খামে ভরা ছিল। খামের উপর সাদা স্কচটেপ দিয়ে আটকানো একটি গুলি ছিল।

বাড়ির সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে, গামছা দিয়ে মুখ ঢাকা এক ব্যক্তি একটি ব্যাগ বাড়ির সামনে ফটকে রেখে চলে যাচ্ছেন।

হাতে লেখা চিঠিতে ছিল, “প্রিয় ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের? আপনি বা আপনার পরিবারের লোকজন যেভাবে উড়তেছেন এটা তো ভালো হচ্ছে না। জামাই জন সাথে নিয়া বেশি উইড়েন না, তাহলে কে কখন সালাম দিবে নিজেও বুঝতে পারবেন না। কারণ এই জগৎ সংসারে হরেক রকমের মানুষের বসবাস। ভালোবেসে শেষ বিদায়ের সকল কিছুই দিয়ে পাঠালাম।

“যদি মনে হয় নিজেদের সংশোধন করবেন তাহলে কোনো ঝামেলা নেই। কিন্তু আজকের পরও যদি উড়তে থাকেন তাহলে আপনার নামে আমাদের তরফ থেকে অদৃশ্য কেউ পৌঁছে যাবে, সালাম দিবে। পরকালের ঠিকানাতে চলে যাবেন। ইতি- অদৃশ্য মুসাফির।”

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি এবং সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছি।”