বিএনপি বিহীন মাঠে দীর্ঘ ১০ বছর পর সিলেটের নগরপিতা নৌকা প্রার্থী
বিএনপি বিহীন মাঠে দীর্ঘ ১০ বছর পর সিলেটের নগরপিতা হলেন নৌকা প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী
বিএনপি বিহীন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে নৌকা প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকের নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান মিয়া বাস গাড়ি প্রতীকে ২৯ হাজার ৬৮৮ ভোট । বিএনপির সাবেক মেয়র জনাব আরিফুল হক নির্বাচনে না দাড়ানোর কারণে দীর্ঘ ১০ বছর পর সিলেট সিটিতে মেয়র পদে জয় পেল আওয়ামী লীগ। আনোয়ারুজ্জামান চৌধুরী প্রথমবারের মতো সিলেটের নগরপিতা নির্বাচিত হলেন ।
বুধবার (২১ জুন) রাতে সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের।
বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।
এবারের সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আটজন ও কাউন্সিলর পদে ৩৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। যাদের মধ্যে ২৭২ জন সাধারণ ওয়ার্ডে এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে মোট ৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিলেট নগরীতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬৩ জন, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৫ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরানের সঙ্গে মেয়র পদে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপি সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী। সে সময় তিনি ১ লাখ ৭ হাজার ৩৩০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বদর উদ্দিন আহমেদ কামরান পেয়েছিলেন ৭২ হাজার ২৩০ ভোট।
সর্বশেষ আবারও ২০১৮ সালের সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরানকে আবারও পরাজিত করেন মেয়র আরিফুল হক চৌধুরী। সেবার ধানের শীষ প্রতীকে আরিফুল হক চৌধুরী পেয়েছিলেন ৯২ হাজার ৫৮৮ ভোট। বদর উদ্দিন আহমেদ কামরান নৌকা প্রতীক পেয়েছিলেন ৮৬ হাজার ৩৯২ ভোট।
তাই এবার বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি খুব একটা হয়নি বলে জানা গিয়েছে ।