বিদ্যুৎ ছাড়াই অক্সিজেন, বুয়েটের নব উদ্ভাবন
লাগামহীন করোনাভাইরাসের দাপটে রীতিমতো দিশেহারা বিশ্ববাসী। প্রতিদিনই মৃত্যু ও আক্রান্তের সারি দীর্ঘ হচ্ছে। তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে অসংখ্য মানুষ। প্রকট হচ্ছে অক্সিজেন সংকট। এমন পরিস্থিতিতে অক্সিজেন সংকট নিরসনে নতুন পদ্ধতি উদ্ভাবন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গবেষক দল।
সম্প্রতি বুয়েটের গবেষকরা ‘অক্সিজেট’ নামের একটি ডিভাইস উদ্ভাবন করেছে, যেটি বিদ্যুৎ ব্যবহার না করে স্বল্পমূল্যে করোনা রোগীদের উচ্চ প্রবাহ অক্সিজেন নিশ্চিত করতে সক্ষম হবে। বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে ১০ মাস গবেষণা করে এটি তৈরি করা হয়েছে।
যন্ত্রটি অক্সিজেন সিলিন্ডার অথবা মেডিকেল অক্সিজেনের সাথে সহজেই সংযুক্ত করে ব্যবহার করা যাবে। এটি বিদ্যুৎ ছাড়াই ৬০ লিটার পর্যন্ত অক্সিজেন প্রবাহ করতে পারবে।
গবেষকরা বলছেন, যন্ত্রটি মূলত সাধারণ কোভিড ওয়ার্ডের রোগীদের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। এর ফলে রোগীদের আইসিইউতে পাঠানোর প্রয়োজন হ্রাস পাবে। যন্ত্রটি সহজেই প্রত্যন্ত অঞ্চলে সরবরাহ করা যাবে বলেও জানান তারা।