বিদ্যুৎ বিল বকেয়া থাকলে লাইন কাটার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
আইনি নোটিস দেওয়া হয়েছে কিন্তু গ্রাহক বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করছে না এমন ক্ষেত্রে সংযোগ কেটে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক ছিল সেখানে তিনি এই নির্দেশ দেন। রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে বিদ্যুৎ বিল বকেয়া নিয়ে আলোচনা আসে। এই সময় প্রধানমন্ত্রী সরকারি ও বেসরকারি সব ধরনের লাইন কেটে দিতে বলেন।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, ‘‘বৈঠকে রাজশাহী ও রংপুর বিভাগে নেসকোর আওতাধীন এলাকায় ম্মার্ট প্রি পেইড মিটার স্থাপনের একটি প্রকল্প উঠেছিল। এসময় প্রধানমন্ত্রী বিদ্যুতের আধুনিকায়ন বিষয়ে কথা বলেন। এসময় কথা উঠছিল বিদ্যুতের বিল বাকি থাকা নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী স্ট্রং নির্দেশনা দিয়েছেন যে আপনি আইন অনুযায়ী ব্যবস্থা নেন। নোটিশ দেন, যদি পাওনা না দেয় কেটে দেন।’’
বিদ্যুৎ বিভাগের ২০২১ সালের জানুয়ারির হিসাব বলছে, দেশে গ্রাহকদের কাছে বিদ্যুৎ বিভাগের পাওনা ৮ হাজার ৫৫৬ কোটি ৬৩ লাখ টাকা। বেসরকারি খাতে ছয় হাজার ৯৬২ কোটি ৭৪ লাখ পাওনা। আর সরকারি বিভিন্ন দপ্তরের কাছে ৭৪৬ কোটি ৮৬ লাখ টাকা বিদ্যুৎ বিভাগের পাওনা।