বিধি-নিষেধ শিথিলের প্রথম দিনেই দৌলতদিয়া ফেরিঘাটে তীব্র ভোগান্তি
শিথিলের প্রথম দিনেই তীব্র ভোগান্তি সৃষ্টি হয়েছে। ফেরি স্বল্পতা, পদ্মায় তীব্র স্রোত, অতিরিক্ত গাড়ির চাপের কারণে এই ভোগান্তি সৃষ্টি হয়েছে বলে জানায় ফেরিঘাট কর্তৃপক্ষ। তবে লঞ্চ চালু থাকার কারণে অনেক যাত্রীরা বাস থেকে নেমে লঞ্চে পদ্মা পাড়ি দিয়ে পাটুরিয়া যাচ্ছেন। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি ও ১৮ টি লঞ্চ চলাচল করছে।
এদিকে আজ বুধবার সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে হ্যাচারি পর্যন্ত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী পরিবহনের সিরিয়াল তৈরি হয়েছে। এখানে প্রায় ২ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে ঢাকা-খুলনা মহাসড়ক যানজট মুক্ত রাখার জন্য রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় এলাকায় ৪ শতাধিক ট্রাক ও ক্যাভার্ডভ্যান আটকে দিয়েছে ট্রাফিক পুলিশ।
আবার গোয়ালন্দ মোড়ে আটকে পড়া ট্রাক চালক মো. রহিম মিয়া বলেন, শিমুলিয়া-কাঠালবাড়ী ফেরিঘাটে নানা ধরণের সমস্যা সৃষ্টি হয়েছে। সেই রুট দিয়ে পারাপার অনেকটাই অনিশ্চিত। যে কারণে এই রুটে পণ্যবাহী ট্রাক ও ক্যাভার্ডভ্যানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই রুটে ফেরির সংখ্যা বৃদ্ধি না করলে ভোগান্তি তীব্র হবে।
তবে রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, দৌলতদিয়া ফেরিঘাটে শৃঙ্খলা ফেরাতে পুলিশ কাজ করে যাচ্ছে। ফোর লেন রাস্তায় যে ৯টি অবৈধ প্রবেশপথ ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিটি গাড়ি সিরিয়ালে ফেরিতে উঠবে সেই নির্দেশনা মোতাবেক দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ট্রাফিক পুলিশ কাজ করে যাচ্ছে।