বিদেশি শ্রমিক নিয়োগে সীমাবদ্ধতা প্রত্যাহারের সিদ্ধান্ত মালয়েশিয়ার
স্থানীয় কর্মীদের চাকরির সুরক্ষায় কয়েকটি সেক্টরে বিদেশি শ্রমিক নিয়োগে সীমাবদ্ধতা আরোপ করেছিলো মালয়েশিয়া। এবার এ সীমাবদ্ধতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়।
গত মাসে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় নির্মাণ, কৃষি ও খামার সেক্টরে বিদেশি শ্রমিক নিয়োগে সীমাবদ্ধতা আরোপ করে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুলাই মাসে দেশটির প্রায় ৬৭ হাজার স্থানীয় কর্মী এবং ৭ হাজার ৭০০ বিদেশি কর্মী চাকরি হারিয়েছে।
বৃহস্পতিবার দেশটির মানবসম্পদ মন্ত্রী জানান, বেশ কিছু নিয়োগদাতা দাবি করেছেন যে, এখনও বহু বিদেশি কর্মীদের প্রয়োজন তাদের। তাই নতুন বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধতা তুলে নেয়ার আবেদন করেছেন তারা। ফলে তাদের চাহিদার কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তিনি আরো বলেন, কর্মী চাহিদা পুরণের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দিতে নিয়োগদাতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া কোনো ক্ষেত্রে স্থানীয় শ্রমিক পাওয়া না গেলে বিদেশি কর্মী পুনরায় নিয়োগ দেয়ার ক্ষেত্রে যারা বৈধভাবে কাজের অনুমতি নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন তাদের বিবেচনায় নেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। তবে যদি কোনো বিদেশি শ্রমিককে পুনরায় মালয়েশিয়ায় ফেরত নিতে হয় সেক্ষেত্রে তাকে অবশ্যই তার আগের সেক্টরেই নিয়োগ দিতে হবে।