বিদেশগামীদের করোনার টিকা দেয়া শুরু আগামীকাল বুধবার থেকে
বিদেশগামী কর্মীদের আগামীকাল বুধবার থেকে করোনার টিকা দেয়ার কার্যক্রম শুরু হচ্ছে। এই কার্যক্রমে ঢাকার সাতটি কেন্দ্রে সৌদি আরব ও কুয়েতগামী প্রবাসীদের ফাইজারের টিকা প্রয়োগ শুরু হবে।
আজ মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সৌদি ও কুয়েতগামীদের আগামীকাল থেকে টিকা প্রয়োগ শুরু হবে। ঢাকার সাতটি কেন্দ্রে প্রতিদিন ১ হাজার ৪০০ জন বিদেশগামীকে টিকা দেয়া হবে। অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকা সংক্রান্ত ফোকাল পারসন ড. মোহাম্মদ দাউদ ঢাকা পোস্টকে বলেন, ‘কাল থেকে প্রবাসীদের টিকা দেয়া শুরু হবে। আমরা রেজিস্ট্রেশন করা ৩০০ জনের মতো প্রবাসীকে দৈনিক টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোনো প্রবাসী রেজিস্ট্রেশন ছাড়া এলে তাদের টিকা দেয়া সম্ভব হবে না। যারা আগে টিকা পাবেন তাদের মোবাইলে এসএমএস চলে যাবে।’
টিকা দানের কেন্দ্রগুলো হচ্ছে- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।