শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বিদেশে শিক্ষা ব্যয় পাঠানো যাবে আন্তর্জাতিক কার্ডে

মোহাম্মদ খাইরুল আমিন • 10 আগস্ট 2026, 01:41 দুপুর • 47 বার পঠিত
বিদেশে শিক্ষা ব্যয় পাঠানো যাবে আন্তর্জাতিক কার্ডে

বিদেশে শিক্ষা ব্যয় পাঠানো সহজ করতে এখন থেকে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধের সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

যেকোনো ব্যাংকের অনুমোদিত ডিলার (এডি) শাখা বিশেষ এ আন্তর্জাতিক কার্ড গ্রাহকের নামে বরাদ্দ দিতে পারবে। ওই শিক্ষার্থী কিংবা তার ব্যয় যিনি পরিশোধ করবেন তার নামে এটি চালু করা যাবে।

তবে এ কার্ড দিয়ে শুধু শিক্ষা ব্যয় পরিশোধ করা যাবে। সাধারণ কার্ডের মত অন্য কোনো ব্যয়ে এটি ব্যবহার করা যাবে না।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের এ বিষয়ক নতুন সার্কুলারে বলা হয়েছে, এ সুবিধা বিদ্যমান ভ্রমণ কোটা বা অন্যান্য বৈদেশিক মুদ্রা সুবিধার আওতায় আনা ব্যয়ের সঙ্গে এক করা যাবে না।

সার্কুলারে শিক্ষা কার্ডের লেনদেন পৃথকভাবে সংরক্ষণ করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়ে বলা হয়েছে, এজন্য ব্যাংকগুলো গ্রাহকের চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক ডেবিট, প্রি-পেইড ও ক্রেডিট কার্ড দিতে পারবে।

বর্তমানে বিদেশে শিক্ষা ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানো হয় ব্যাংকের মাধ্যমে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবাসনের বাইরে থাকার সময়ে বাড়ি ভাড়া ও অন্যান্য ব্যয় পরিশোধে নানা রকম সমস্যার মধ্যে পড়েন শিক্ষার্থীরা।

নতুন সিদ্ধান্তে, শিক্ষা ব্যয়ের সমপরিমাণ অর্থ এখন থেকে বিশেষ এ আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও খরচ করতে পারবেন সুবিধাভোগীরা। এজন্য শিক্ষা ব্যয়ের সীমা যাচাই করতে হবে এডি শাখাকে।

বিদেশি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি, অন্যান্য শিক্ষা ব্যয়ের পাশাপাশি ভর্তি প্ল্যাটফর্মগুলোর সেবা মাশুলও এ আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে পরিশোধ করা যাবে।

নতুন এ সুবিধা চালুর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে, কিছু ক্ষেত্রে বিদেশে সব ব্যয় কার্ডের মাধ্যমে পরিশোধ করতে হয়। এজন্য দেশি শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় পরিশোধ করতে আন্তর্জাতিক কার্ডের প্রচলন করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

সার্কুলারে কার্ড বরাদ্দ দেওয়ার আগে প্রয়োজনীয় প্রমাণ ও কাগুজে তথ্য যাচাই-বাছাই করতে এডি শাখাকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এছাড়া শিক্ষা কার্ডের সব লেনদেন তথ্য প্রতিবেদন আকারে জমা দিতেও বলা হয়েছে।