শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

"বিচারাঙ্গনে আর মাফিয়া-সিন্ডিকেট থাকবে না": অ্যাটর্নি জেনারেল

মোহাম্মদ খাইরুল আমিন • 11 জুন 2025, 08:37 রাত • 408 বার পঠিত
"বিচারাঙ্গনে আর মাফিয়া-সিন্ডিকেট থাকবে না": অ্যাটর্নি জেনারেল

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, “বাংলাদেশে আর কোনো দিন দিনের ভোট রাতে হবে না। আমরা দায়িত্ব নিয়েছি আপনাদের গোপন বুথ পর্যন্ত পৌঁছে দেওয়ার। সেখানে গিয়ে আপনার ভোট যাকে ইচ্ছা, তাকে দিতে পারবেন।”

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সপ্তাহব্যাপী বিভিন্ন সভা, সমাবেশ, সেমিনার এবং ব্যাংকার্স ফোরাম অব শৈলকুপার অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।

সাবেক প্রধান বিচারপতিদের কড়া সমালোচনা করে তিনি বলেন, “সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক এবং সৈয়দ মাহমুদ হোসেনদের মত কুলাঙ্গাররা ত্রয়োদশ সংশোধনী বাতিলের মাধ্যমে ভোটের অধিকার হরণ নিশ্চিত করেছিলেন।” তিনি আরও বলেন, “বিচারাঙ্গনে কোনো মাফিয়া থাকবে না, কোনো চক্রের সিন্ডিকেট থাকবে না।”

মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, “আমি প্রতিনিয়ত মাদক ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি এবং এ লড়াইয়ে সফলও হচ্ছি।” তিনি মাদক ও দুর্নীতির তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, “আমরা শৈলকুপাকে মাদকমুক্ত করে গড়ে তুলবো। কথা দিচ্ছি, মাদকের তথ্যদাতাদের নাম পরিচয় গোপন রাখা হবে এবং কেবল মাদকের সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করা হবে।”

তিনি আরও বলেন, “শৈলকূপায় এখন যে উন্নয়নের কাজ চলছে, তা আপনাদের করের টাকায়। এ উন্নয়ন কাজে যদি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা দুর্নীতিতে জড়িত হন, তবে তথ্য দিন। কাউকে দুর্নীতি করার সুযোগ দেওয়া হবে না। দুর্নীতি করলেই তাকে শাস্তি পেতে হবে।”