বগুড়ায় যুবককে পিটিয়ে-কুপিয়ে হত্যা
বগুড়া শহরে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার রাত ১০টার দিকে শহরের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী জানান।
পুলিশ জানায়, ফুলবাড়ী বানিয়াপাড়া এলাকার একটি কবরস্থানের গাছ থেকে আতাফল পাড়া নিয়ে স্থানীয়দের সঙ্গে রবিনের কথা কাটাকাটি হয়। রাতে চার-পাঁচ যুবক তাকে কবরস্থানের পাশের একটি জঙ্গলে নিয়ে হকিস্টিক দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।
স্থানীয়রা তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি ভাঙা হকিস্টিকের অংশ এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী বলেন, রবিন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বিরুদ্ধে সদর থানায় ডাকাতির প্রস্তুতি, মারামারি ও নারী নির্যাতন আইনে মোট চারটি মামলা রয়েছে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, এ ঘটনায় জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।