বগুড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত
বগুড়া সদর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
গত (১৫ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার মাটিডালী বিমান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার কালিবালা গ্রামের তোজাম্মেল হকের ছেলে হাবিব (২৬) ও কর্ণপুর গ্রামের রুস্তম আলীর ছেলে রকি (২৫)।
এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিব ও রকি একটি মোটরসাইকেলযোগে মহাস্থানের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাটিডালী বিমান মোড় এলাকায় পৌঁছালে রংপুর থেকে ঢাকাগামী কলাবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন। তাদের মধ্যে হাবিবকে উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া রকিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নিহত দুজনের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।