বগুড়ায় অভিযান, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা
সারা দেশজুড়ে চলছে চাল মজুতের বিরুদ্ধে অভিযান। বগুড়ার শেরপুরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। চাল মজুত করার অপরাধে আদালত দুটি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন।
যে চাল মজুত করা হয়েছে তা আজ বৃহস্পতিবার থেকে তিনদিনের মধ্যে বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয়। বুধবার বিভিন্ন উপজেলায় এই অভিযান চালানো হয়।
এই অভিযানে শেরপুরের গাড়িদহ ইউনিয়নের জোয়ানপুরে শিনু অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজে ১ হাজার ২৪৬ মেট্রিকটন চাল ও ২ হাজার ১৪৬ মেট্রিকটন ধান মজুত পাওয়া যায়। শহরের বাজার এলাকায় গৌড় গৌরাঙ্গ ভান্ডারে মেলে ১০০ মেট্রিকটন অতিরিক্ত চালের মজুত।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা সাবরিনা শারমিন। অভিযানের পর জানানো হয়, শিনু অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের মালিককে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত মার্চ থেকে তারা চাল মজুত করেছে বলে স্বীকার করেছে। এছাড়া গৌড় গৌরাঙ্গ ভান্ডারের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।