বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে
বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ দুই আসনে মোটরসাইকেল ছাড়াও গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া অপরাধের বিচার কাজ সম্পন্ন করতে চারজন বিচারিক হাকিম নিয়োগ দেয়া হয়েছে।
এদিকে করোনাকালের এ নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছে। মনোনয়ন প্রত্যাহারের সময় বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা না দেয়ায় ব্যালটে দলটির প্রার্থীদের প্রতীক থাকছে।
এদিন বিরোধী দল জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী হওয়ায় নির্বাচন পেছানোর দাবি করেছিল দলটি। কিন্তু তা নাকচ করে দেয় নির্বাচন কমিশন।
ওই দুই সংসদীয় আসনে ২৯ মার্চ নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়। এখন সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে এ নির্বাচন করছে ইসি। ১৫ জুলাই বগুড়া-১ আসনের ও ১৮ জুলাই যশোর-৬ আসনের নির্বাচনের জন্য সংবিধান নির্ধারিত ১৮০ দিন শেষ হতে যাচ্ছে। এর আগে ইসি সচিব মো. আলমগীর জানান, ওই দুই আসনে নতুন করে কোনো মনোনয়নপত্র দাখিলের প্রয়োজন নেই। যেসব প্রার্থী ছিলেন এবং যে অবস্থায় নির্বাচন স্থগিত হয়েছিল, সে অবস্থা থেকেই আবার কার্যক্রম শুরু হবে।