শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা

মোহাম্মদ খাইরুল আমিন • 10 ফেব্রুয়ারি 2025, 09:22 রাত • 192 বার পঠিত
বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ সোমবার এ আদেশ দেন।

গত ১৫ ডিসেম্বর ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বেনজীর আহমেদ, তাঁর স্ত্রী জীশান মীর্জা এবং দুই মেয়ে ফারহীন রিশতা বিনতে বেনজীর ও তাহসীন রাইসা বিনতে বেনজীর এর বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করে দুদক।
মামলায় বলা হয়—

•    বেনজীর আহমেদ ৯ কোটি ৪৪ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং ২ কোটি ৬২ লাখ টাকার তথ্য গোপন করেছেন।
•    তাঁর স্ত্রী জীশান মীর্জা ৩১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং ১৬ কোটি ১ লাখ টাকার তথ্য গোপন করেছেন।
•    বড় মেয়ে ফারহীন রিশতা ৮ কোটি ৭৫ লাখ টাকা এবং
•    মেজ মেয়ে তাহসীন রাইসা ৫ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদের মালিক।

এর আগে, গত বছরের ১২ জুন আদালতের নির্দেশে বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের নামে থাকা বেশ কয়েকটি সম্পদ জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে—

•    ঢাকার বাড্ডা ও আদাবরে ৮টি ফ্ল্যাট।
•    নারায়ণগঞ্জ, বান্দরবান ও উত্তরায় ২৫ একর ২৭ কাঠা জমি
•    গোপালগঞ্জ ও মাদারীপুরে ৬২১ বিঘা জমি
•    ১৯টি কোম্পানির শেয়ার ও গুলশানে ৪টি ফ্ল্যাট
•    ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব ও তিনটি বিও হিসাব (শেয়ার ব্যবসার অ্যাকাউন্ট)
 
২০২২ সালের ৩০ সেপ্টেম্বর আইজিপির দায়িত্ব ছাড়ার পর ২০২৪ সালের ৪ মে বেনজীর আহমেদ সপরিবার দেশত্যাগ করেন। তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

দুদক সূত্র জানিয়েছে, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।