বায়ুদূষণের তীব্রতায় ঘরবন্দি থাকবে নেপালের ৮০ লাখ স্কুলশিক্ষার্থী
বায়ুদূষণের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় চার দিনের জন্য সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নেপাল সরকার। ৩১ মার্চ থেকে কার্যকর হবে এ নির্দেশনা। দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এর ফলে আগামী শনিবার পর্যন্ত ঘরবন্দি থাকবে নেপালের ৮০ লাখ স্কুলশিক্ষার্থী।
পরিবেশ দূষণের জন্য দায়ী বিশ্বের অন্যতম দুই দেশ ভারত ও চীনের মাঝখানে অবস্থান হিমালয়কন্যা খ্যাত নেপালের। ৩ কোটি মানুষের দেশটির জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বায়ুদূষণ। করোনাভাইরাস মহামারির মধ্যেই দূষণ বৃদ্ধির ফলে বিশেষ করে রাজধানী কাঠমান্ডুতে সবচেয়ে করুণ অবস্থা।
নেপালের পরিবেশ বিভাগ জানিয়েছে, গত রোববার সাপ্তাহিক ছুটির দিনে ২৪ ঘণ্টায় কাঠমান্ডুতে প্রতি ঘনমিটার বাতাসে রেকর্ড ২১৪ মাইক্রোগ্রাম পিএম-২৫-এর উপস্থিতি মেলে। প্রতি ঘনমিটার বাতাসে সর্বোচ্চ ৪০ মাইক্রোগ্রাম পিএম-২৫ মানবদেহের জন্য নিরাপদ বিবেচিত। নির্মাণশিল্প, যানবাহনের ধোঁয়া, ইটভাটার চিমনি থেকে আসা কয়লা পোড়ানোর ধোঁয়ায় বেড়েছে দূষণ।
শ্বাসের সঙ্গে বাতাসে সূক্ষ্ম ধাতব কণা পিএম-২৫ ফুসফুস পর্যন্ত পৌঁছে যেতে পারে অনায়াসে। এ কারণে শ্বাসকষ্ট, মস্তিষ্কে রক্তক্ষরণ, উচ্চ রক্তচাপ, ক্যানসারসহ নানা দুরারোগ্য ব্যাধিতে মানুষ আক্রান্ত হতে পারে। এমনকি মহামারির মধ্যে করোনাভাইরাসের প্রকোপ বাড়ার এটি অন্যতম কারণ বলেও মনে করছেন নেপালের অনেক চিকিৎসক। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে বের না হতে পরামর্শ দিয়েছে নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়।
বায়ুদূষণের কারণে সোমবার কাঠমান্ডুতে নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরে দৃষ্টিসীমার আওতা ১ হাজার মিটারে নেমে আসে, বিঘ্ন ঘটে ফ্লাইটের ওঠানামায়।