শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাড়তে থাকা ডায়রিয়া থেকে বাঁচতে পরামর্শ

মোহাম্মদ খাইরুল আমিন • 27 মার্চ 2022, 05:47 বিকাল • 395 বার পঠিত
বাড়তে থাকা ডায়রিয়া থেকে বাঁচতে পরামর্শ

রাজধানী ঢাকায় এর মধ্যে ডায়রিয়া রোগী উল্লেখযোগ্য হারে বেড়েছে। গ্রীষ্ম না আসতেই গত বছরের চেয়ে খারাপ আকার ধারণ করেছে ডায়রিয়া সমস্যা। এমন সময় রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে কিছু পরামর্শ দেওয়া হয়েছে।

অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক মো. নাজমুল ইসলাম বলেন, ‘আমরা সংবাদ পাচ্ছি গ্রীষ্ম আসার আগেই পুরো দেশে ডায়রিয়া রোগী বেড়েছে। বিশেষ করে ঢাকা মহানগরীতে রোগী বেড়েছে বেশি।’ 

ডায়রিয়া ঠেকাতে বিশুদ্ধ পানি পান করতে এবং রান্নাসহ বিভিন্ন কাজে সুপেয় পানি ব্যবহার করার ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি। 

অধ্যাপক নাজমুল আরো বলেন, ‘অল্প ডায়রিয়া থাকতেই চিকিৎসকের পরামর্শে চিকিৎসাসেবা নেওয়া উচিত। ডায়রিয়াজনিত রোগ একেবারেই চলে যায়নি। আমরা একে মোকাবিলা করতে চাই।’

তিনি জানান, সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ অন্যান্য লজিস্টিকের সরবরাহ রয়েছে। এমন পরিস্থিতি সামলাতে তারা প্রস্তুত আছেন বলেও জানান তিনি। 

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকা ও তার আশেপাশের এলাকায় ডায়রিয়ার সংক্রমণ বেড়েছে। গত কয়েক দিনে মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) হাসপাতালে রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হয়েছে। 

আইসিডিডিআরবির দেওয়া তথ্য অনুসারে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালটিতে ডায়রিয়ায় আক্রান্ত ১ হাজার ৪০১ জন রোগী ভর্তি হয়েছে। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গেছে, হাসপাতালে রোগী সংকুলান না হওয়ায় বাইরে তাবু টানিয়ে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার ছুটির দিনে ব্যাপক রোগী এসেছে। এদিন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৮ জন। ১৬ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১০ দিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১১ হাজার ১২৬ জন। রোজ গড়ে এই হাসপাতালে ১ হাজার ১১৩ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ২২ মার্চ সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন। সংখ্যাটা ১ হাজার ২৭২।