বারিধারা থেকে গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক
সরকার পতনের পর সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের অভিযানে এবার আটক হলেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।
রোববার সন্ধ্যায় রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে র্যাব।
পুলিশের বিশেষ এ ইউনিটের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো বার্তায় বলা হয়, সাবেক এই সংসদ সদস্যকে বরিশালে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে আসামি করা হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র লে. কর্নেল মুনীম ফেরেদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারের পর সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল- ৫ আসন টানা দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি শেখ হাসিনার মন্ত্রিসভায় পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।