শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বাঁচতে শ্রীলঙ্কার চাই ৩০০ কোটি ডলার

মোহাম্মদ খাইরুল আমিন • 09 এপ্রিল 2022, 06:13 বিকাল • 245 বার পঠিত
বাঁচতে শ্রীলঙ্কার চাই ৩০০ কোটি ডলার

ঋণের দায়ে তারা জর্জরিত। কিন্তু আরো ঋণ না পেলে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা দায়। শ্রীলঙ্কাকে তাই বন্ধু দেশগুলোর কাছে হাত পাতা ছাড়া কোনো উপায় নেই। দেশটির অর্থমন্ত্রী আল সাবরি বলেছেন, দেশের অবস্থা স্বাভাবিক করতে শ্রীলঙ্কায় আগামী ৬ মাসে প্রায় ৩০০ কোটি ডলার বৈদেশিক সাহায্য লাগবে।

স্বাধীনতার ৭৪ বছরের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দ্বীপরাষ্ট্রটি। জ্বালানি, চিকিৎসা খাত, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী থেকে সব খাতে তারা আজ ভয়াবহ অবস্থা পার করছে। দেশটির জনগণ ফুসছে। 

এই অবস্থায় কিছুই সামলাতে পারছিলেন না বলে গত সপ্তাহে দায়িত্ব পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করেছিলেন নতুন অর্থমন্ত্রী সাবরি। কিন্তু প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে তার পদত্যাগপত্র গ্রহণ করেননি। 

সেই অর্থমন্ত্রী এখন পরিকল্পনা করছেন দেশকে বিপদ থেকে বের করে আনার। শনিবার সাবরি বলেছেন, তিনি জানেন ৩০০ কোটি ডলার জোগাড় করা কতোটা কঠিন কাজ।

‘এটা বেশ কঠিন কাজ।’ বলেছেন সাবরি। 

দায়িত্ব নেওয়ার পর প্রথম কোনো সাক্ষাৎকার দিয়েছেন সাবরি। সেটা বার্তা সংস্থা রয়টার্সকে। তিনি বলেছেন, পুরোপুরি খেলাপি যাতে না হতে হয় সেদিকে তাদের নজর থাকবে। কারণ, পুরো খেলাপি হয়ে গেলে সেটা বিপদ বাড়াবে। 

সাবরি জানিয়েছেন, জ্বালানির জন্য ঋণের আওতায় ভারতের কাছে আরো ৫০ কোটি ডলার চাইবে শ্রীলঙ্কা। এছাড়া এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবি, বিশ্ব ব্যাংকের পাশাপাশি চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছেও সহযোগিতা চাওয়া হবে। 

দেশের জনগণের জন্য আগাম সতর্কতাও দিয়ে দিয়েছেন সাবরি। তিনি বলেছেন, সরকারের ব্যয় মেটাতে অজনপ্রিয় পন্থাও অবলম্বন করতে হবে। এর মধ্যে আছে জ্বালানির মূল্য ও করের হার বাড়ানো। এছাড়া তাদের হাতে উপায় নেই বলেও জানান সাবরি।