বাংলাদেশকে সাড়ে ৫ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিল মালয়েশিয়া
বাংলাদেশকে পাঁচ লাখ ৫৯ হাজার ২০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েছে মালয়েশিয়া। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে টিকাগুলো হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত হাজনা মো. হাশিম।
টিকা গ্রহণ শেষে আব্দুল মোমেন বলেন, মালয়েশিয়া আমাদের ভালো বন্ধু। আমাদের প্রয়োজনের সময়ে মালয়েশিয়া আমাদের সাড়ে ৫ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েছে। এ টিকা আমাদের প্রয়োজন বেশি। আমাদের দু’দেশের সম্পর্ক সামনে আরো ভালো হবে।
তিনি বলেন, মালয়েশিয়া আমাদের অনেক বড় শ্রমবাজার। করোনার মধ্যেও তারা আমাদের কর্মীদের রেখেছে। আমাদের কর্মীরা দেশটিতে অবদান রাখছে। তারা সেখান থেকে দেশের জন্য রেমিট্যান্স পাঠাচ্ছে।
এ সময় মালয়েশিয়ার রাষ্ট্রদূত বলেন, সবার জন্য টিকার সমতা নিশ্চিত করা উচিত। টিকার আওতায় এনে সবাইকে নিরাপদ রাখতে হবে। সবার জন্য টিকা নিশ্চিত করা না গেলে কেউই নিরাপদ না। আশা করছি, টিকার এ সহযোগিতায় বাংলাদেশ উপকৃত হবে।