শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশকে চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন নিউজ পোর্টাল • 30 জুন 2021, 08:06 সকাল • 249 বার পঠিত
বাংলাদেশকে চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে কোভিড-১৯-এর বিস্তার রোধে এবং দেশের জনগণের স্বাস্থ্য চাহিদা মেটাতে মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি'র মাধ্যমে জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার চিকিৎসা সরঞ্জামগুলো আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়ার হাতে তুলে দেন।
দেশটির দেওয়া এবারের অনুদানের আর্থিক মূল্য প্রায় ৩ মিলিয়ন মার্কিন ডলার এবং এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে স্বাস্থ্যসেবাদানকারী পেশাজীবী ও অন্যান্য সম্মুখসারির কর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), কোভিড-১৯ পরীক্ষা কার্যক্রম সম্প্রসারণের জন্য পরীক্ষাগারের যন্ত্রপাতি এবং কোভিড-১৯ রোগীদের সময়মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ। বাংলাদেশ সরকার স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে এই চিকিৎসা সরঞ্জাম ও ওষুধগুলো দেশের সীমান্ত এলাকাগুলোতে বিতরণ করবে যেখানে কোভিড-১৯ সংক্রমণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় এগুলোর চাহিদা বেড়েছে।