বাংলাদেশকে ৬০ লাখ ডোজ ভ্যাকসিন দিতে চায় চীনের সিনোফার্ম
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু যখন ঊর্ধ্বমুখী, এমন সময়ে ৬০ লাখ ডোজ ভ্যাকসিন দেয়ার প্রস্তাব দিয়েছে চীনের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিনোফার্ম। কয়েকদিন আগে একটি বিশ্বাসযোগ্য সূত্রের মাধ্যমে বাংলাদেশকে ৬০ লাখ ডোজ ভ্যাকসিন দেয়ার এ প্রস্তাব দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, চীনের সিনোফার্ম একটি বিশ্বাসযোগ্য সূত্রের মাধ্যমে বাংলাদেশকে করোনার ৬০ লাখ ডোজ বিবিআইবিপি-কোরভি ভ্যাকসিন দেয়ার প্রস্তাব দিয়েছে।
তিনি বলেন, আমরা এ বিষয়টির ওপর গুরুত্ব দিচ্ছি। সমঝোতা চলছে। ভ্যাকসিনের মূল্য, কখন দিতে পারবে এবং কতগুলো দিতে পারবে- এ বিষয়গুলো আমরা জানতে চেয়েছি। সিনোফার্ম এ তথ্যগুলো দিলেই আমরা চীনের ভ্যাকসিন কেনার দিকে অগ্রসর হতে পারবো।
প্রসঙ্গত, ২০২০ সালের শুরুতে চীনের বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস বিবিআইবিপি-কোরভি নামে করোনাভাইরাসের ইনঅ্যাকটিভেটেড ভ্যাকসিন তৈরি করে। এরই মধ্যে চীন, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিসর ও পাকিস্তানসহ বিশ্বের আরো কয়েকটি দেশ এ ভ্যাকসিনটি ব্যবহার করছে।