বাংলাদেশিদের জন্য ‘নুসুক’ প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে সৌদি আরব
বাংলাদেশিদের জন্য ঢাকায় ‘নুসুক’ প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে সৌদি আরব। এর ফলে আরও সহজে সৌদি আরবে যেতে পারবেন হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক বাংলাদেশিরা। এছাড়া সাধারণ পর্যটকরাও ব্যব্হার করতে পারবেন এই প্ল্যাটফর্মটি।
সৌদি আরবের পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃহস্পতিবার (২৪ আগস্ট) ঢাকায় নুসুকের একটি প্ল্যাটফর্ম উদ্বোধন করা হবে। আগামী বৃহস্পতি ও শুক্রবার এ প্ল্যাটফর্ম উদ্বোধন করতে ঢাকা সফর করবেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ।
সোমবার (২১ আগস্ট) নুসুক প্রেসিডেন্ট আলহাসান আলদাববাগ মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজকে বলেন, সৌদি আরবের জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। এমনকি শীর্ষ ৫টি বাজারের মধ্যে বাংলাদেশ একটি। তাই সৌদি ভ্রমণ আরও সহজ করতে ওমরাহ পালনে ইচ্ছুক বাংলাদেশি নাগরিক ও সাধারণ পর্যটকদের জন্য ঢাকায় প্রথমবারের মতো নুসুক রোডশো করা হবে।
তিনি আরও বলেন, সৌদি ভিশন- ২০৩০ অর্জনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাংলাদেশের। আসা করা যাচ্ছে চলতি বছরের শেষ নাগাদ প্রায় ৭ লাখ বাংলাদেশি সৌদি আরব সফর করবেন। ২০৩০ সালের মধ্যে সৌদি আরব সফরকারী বাংলাদেশির সংখ্যা বছরে ২৬ লাখে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।
নুসুক মূলত একটি প্ল্যাটফর্ম, যার মাধ্যমে হজ, ওমরাহ ও সাধারণ পর্যটকদের সৌদি আরবে যাওয়ার প্রক্রিয়া আরো সহজভাবে সম্পন্ন করার যাবে। এতে প্লেনের টিকিট, হোটেল ভাড়া ইত্যাদি সব আগে থেকে ঠিক করা যাবে। ফলে কোনো তৃতীয় পক্ষ বা কোনো এজেন্সির সহায়তা ছাড়াই বাংলাদেশিরা হজ, ওমরাহ পালন কিংবা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরব সফর করতে পারবেন।
সূত্র: আরব নিউজ