বাংলাদেশি অভিবাসীদের প্রশংসায় মদিনার গভর্নর
সৌদি আরবের অর্থনীতিতে প্রায় ২৩ লাখ বাংলাদেশির গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তাদের উচ্চকিত প্রশংসা করেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রধান জেনারেল খালিদ বিন কাতার আল-হারবি।
তার সঙ্গে সোমবার রিয়াদে জননিরাপত্তা বিভাগে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বৈঠক করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
জেনারেল খালিদ পরিসংখ্যান উল্লেখ করে জানান, সৌদি আরবে বসবাসরত বিভিন্ন দেশের কমিউনিটির তুলনায় বাংলাদেশিদের অপরাধের পরিমাণ অনেক কম।
তিনি বলেন, সৌদি পুলিশ যেকোনো অভিবাসী কর্মীর অধিকার আদায়ের বিষয়ে অত্যন্ত সচেতন এবং সর্বদা যেকোনো শ্রমিকের অধিকার লঙ্ঘনের বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে থাকে।
রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী অবৈধ অভিবাসী শ্রমিকদের দেশে ফেরত পাঠানোর আগে তাদের ব্যক্তিগত মালামাল সঙ্গে নেয়ার সুযোগ প্রদানের অনুরোধ জানান।
তিনি সৌদি আরবের বিভিন্ন স্থানে অবস্থিত বাংলাদেশি শ্রমিকদের ক্যাম্পে সৌদি আইন কানুন মেনে চলার জন্য সৌদি পুলিশ কর্তৃক নিয়মিত অনুপ্রেরণামূলক প্রচারণার অনুরোধ রাখেন।
বৈঠকে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী মাদক ও মানবপাচার, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং মানি লন্ডারিং বিষয়ে বাংলাদেশ পুলিশের সঙ্গে যৌথ প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে অনুরোধ করেন।