বাংলাদেশের ভেতর দিয়ে নতুন অর্থনৈতিক করিডোর চায় মেঘালয় সরকার
মেঘালয়ের সরকার বাংলাদেশের ভেতর দিয়ে নতুন একটি অর্থনৈতিক করিডোর তৈরির আগ্রহ প্রকাশ করেছে, যা উত্তরপূর্ব ভারতের সঙ্গে দেশের অন্যান্য অংশের সংযোগ আরও দৃঢ় করবে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হিলি-মাহেন্দ্রগঞ্জ আন্তঃসীমান্ত করিডোরের পাশাপাশি নতুন এই করিডোর বাস্তবায়ন সম্ভব বলে মনে করছে মেঘালয় সরকার।
হিলি পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী শহর, আর মাহেন্দ্রগঞ্জ মেঘালয়ের গারো পাহাড়ি অঞ্চলের সীমান্তে অবস্থিত। প্রস্তাবিত ১০০ কিলোমিটার দীর্ঘ করিডোর চালু হলে কলকাতা থেকে তুরা, বাঘমারা, ডালু ও ডাউকি বাণিজ্য কেন্দ্রগুলোর দূরত্ব ও পরিবহন ব্যয় ২৫-৬০% কমবে বলে জানিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।
ভারতের জাতীয় সড়ক ও অবকাঠামো উন্নয়ন করপোরেশন (এনএইচআইডিসিএল) এরই মধ্যে সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন বাংলাদেশ সরকারকে পাঠিয়েছে। কনরাড সাংমা বলেছেন, “বাংলাদেশের ভেতর দিয়ে হিলি ও মাহেন্দ্রগঞ্জের মধ্যে সংযোগ স্থাপন করা গেলে মেঘালয়, আসামের বরাক উপত্যকা ও ত্রিপুরার সঙ্গে কলকাতার দূরত্ব ৬০০-৭০০ কিলোমিটার কমে যাবে।” তিনি এ প্রকল্পের জন্য আবারও প্রচেষ্টা চালাবেন বলে জানিয়েছেন।