শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় ৫০ বছরের মহাপরিকল্পনা

মোহাম্মদ খাইরুল আমিন • 28 মার্চ 2025, 11:06 রাত • 384 বার পঠিত
বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় ৫০ বছরের মহাপরিকল্পনা

বেইজিং সফরে চীনের কাছে পানি ব্যবস্থাপনায় ৫০ বছরের একটি ‘মহাপরিকল্পনা’ চেয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শুক্রবার বেইজিংয়ের একটি রাষ্ট্রীয় অতিথি ভবনে চীনের পানিসম্পদ মন্ত্রী লি গুয়োইংয়ের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাতে অধ্যাপক ইউনূস চীনের পানি ও বন্যা ব্যবস্থাপনার প্রশংসা করে বলেন, “আপনাদের ও আমাদের একই সমস্যা। যদি আপনারা নিজেদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেন, তাহলে আমরা খুশি হব।”

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ একটি বদ্বীপ অঞ্চল, যেখানে শত শত নদীর প্রবাহ রয়েছে। পানি একদিকে জীবনদায়ী, অন্যদিকে কখনো কখনো তা ভয়াবহ শত্রুতে পরিণত হয়। জনসংখ্যা বৃদ্ধির ফলে নদীগুলোর তীরবর্তী ভূমি দখলের শিকার হচ্ছে, যা পরিবেশের জন্য হুমকি তৈরি করছে।

চীনকে পানি ব্যবস্থাপনার ‘মাস্টার’ হিসেবে উল্লেখ করে ইউনূস বলেন, “বাংলাদেশ চীনের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে।” তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পানি ব্যবস্থাপনা নীতি সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় চীনের পানিসম্পদ মন্ত্রী লি গুয়োইং স্বীকার করেন যে, চীন ও বাংলাদেশ একই ধরনের পানিসম্পদ সংকট মোকাবিলা করছে। তিনি বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা ও বিশেষজ্ঞ পরামর্শ দেওয়ার প্রতিশ্রুতি দেন।

লি গুয়োইং বলেন, “প্রেসিডেন্ট শি চীনের জন্য একটি মাস্টারপ্ল্যান তৈরি করেছেন, যা দেশটির পানি ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন এনেছে।”

এ সময় মুহাম্মদ ইউনূস বলেন, “আমাদের জন্যও একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নে আমরা আপনাদের সহায়তা চাই।” তিনি উল্লেখ করেন, বাংলাদেশে পানি সংকট কোনো নির্দিষ্ট নদীর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সমগ্র পানি ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত।

চার দিনের চীন সফরে অধ্যাপক ইউনূস দেশটির শীর্ষ নেতৃবৃন্দ ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করছেন। তার এ সফরের মূল লক্ষ্য পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা।