বাংলাদেশের নির্বাচন ইস্যুতে চীন কোনো হস্তক্ষেপ করবে না
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচন ইস্যুতে হস্তক্ষেপ করবে না চীন। তিনি বলেন, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।
১৬ আগস্ট বুধবার রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে দপ্তরে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে সাক্ষাতে এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত। মিটিং শেষে পরিকল্পনামন্ত্রী ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এসময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের দীর্ঘ সময়ের পরীক্ষিত বন্ধু হিসাবে দ্বি-পাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে চীন সব রকম সহযোগিতা করবে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে গেলে ২০২৬ সাল পরবর্তী বিশ্ব বাণিজ্যে যেসব প্রতিবন্ধকতায় পড়তে পারে বাংলাদেশ, সেখানেও শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা দিয়ে পাশে থাকবে চীন। তিনি আরো জানান, এসময় বিদেশি ঋণ পরিশোধে বাংলাদেশকে নিয়ে চিন্তিত নয় চীন।
পরিকল্পনামন্ত্রী বলেন, পদ্মা সেতুর পর এবার বাংলাদেশের পশ্চিমাঞ্চলের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে চায় চীন। এছাড়াও বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে চীনের বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার।