বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো আইডিয়া রয়েছে
বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া রয়েছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে ব্যবসার অপার সুযোগ রয়েছে, যা শুধু দেশের নয়, বরং সারা বিশ্বের জন্যও সম্ভাবনা সৃষ্টি করতে পারে।
উদাহরণ হিসেবে তিনি বলেন, একসময় ক্ষুদ্রঋণ বাংলাদেশের একটি ক্ষুদ্র গ্রামে শুরু হলেও এখন এটি আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতি স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কিছুক্ষণ কণ্ঠ রোধ হয়ে যায়।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত চার দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে ৭ এপ্রিল, তবে আজ প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন।