বাংলাদেশের এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা, নেই মাহমুদউল্লাহ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে। যেখানে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আছেন তরুণ উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসান তামিম।
শনিবার (১২ আগস্ট) সকালে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিসিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্কোয়াড ঘোষণা করেন।
আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপ ঘিরে বেশ আলোচনা হচ্ছিলো টাইগারদের ৭ নম্বর পজিশন নিয়ে। যেখানে আলোচনায় ছিল মাহমুদউল্লাহ রিয়াদসহ সৌম্য সরকার, আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেন। তবে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আফিফ হোসেনকে রাখা হয়েছে স্কোয়াডে। তবে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে বাদ পড়েছে সৌম্য সরকার ও মোসাদ্দেক।
এদিকে জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী ক্রিকেটার তানজিদ হাসান তামিম। পাশাপাশি দলে ফিরেছেন তরুণ ক্রিকেটার শেখ মাহেদী।
এদিকে, ৩০ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম মাঠে নামবে ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে।
বাংলাদেশের এশিয়া কাপের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মাহেদী, নাসুম আহমেদ, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাঈম শেখ।